ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের গাড়ি খাদে পড়ে দুই এসআই নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি গাড়ি খাদে পড়ে দুই এসআই কাজী সালেহ আহাম্মেদ ও শরীফুল ইসলাম নিহত হয়েছেন। আহত হয়েছেন এএসআই রফিকুল ইসলাম। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত এসআই কাজী সালেহ আহাম্মেদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে, শরীফুল ইসলাম গোপালগঞ্জ সদরের চরভাইপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।


সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সোনারগাঁ থানা পুলিশের দুই এসআই কাজী সালেহ আহাম্মেদ ও শরীফুল ইসলাম এবং এএসআই রফিকুল ইসলামকে একটি প্রাইভেটকার (ঝালকাঠি-গ-১১-০০০৪) নিয়ে চালক সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকা দিয়ে থানায় আসছিল। পথে দত্তপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি একটি রিকশাকে সাইড দিতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে আশেপাশের লোকজন ও সোনারগাঁ ফায়ার স্টেশনের কর্মীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাদের। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই কাজী সালেহ ও শরীফুল ইসলামকে তাদেরকে মৃত ঘোষণা করেন।


আহত রফিকুল ইসলামকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী ভটবটি চালক মোক্তার হোসেন জানান, প্রাইভেটকারটির পেছনেই আমি ভটভটি নিয়ে ছিলাম। হঠাৎ অপরদিক থেকে আসা একটি রিকশাকে সাইড দিতে গিয়ে পাশের পুকুরে পড়ে গাড়িটি ডুবে যায়। তখন চালক কোনোক্রমে গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হয়ে চিৎকার করে। পরে আশপাশের লোকজনকে ডেকে আমার গাড়িতে থাকা হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে তিনজনকে উদ্ধার করি।


সোনারগাঁ ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ads
ads
ads

Our Facebook Page

↑